মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার ইস্যু উত্থাপন

স্টাফ রিপোর্টার ২ সপ্তাহ আগে মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৫ বার পঠিত
Screenshot

অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন পার্কসের ফেডারেল এমপি জেমি চ্যাফি। ২ জুলাই প্রতিনিধি পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিশ্বের যেখানেই উঠুক না কেন, সে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশে আটক আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন।

জেমি চ্যাফির ভাষ্য অনুযায়ী, ডাব্বোসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলের বাংলাদেশি-অস্ট্রেলিয়ান সম্প্রদায়ের সদস্যরা এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আরও বলেন, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ব্যারিস্টার সুমন দুর্নীতি, অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে কাজ করেছেন।

এমপি চ্যাফি তার বক্তব্যে উল্লেখ করেন, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তাকে অবহিত করা হয়েছে। এছাড়া, হেফাজতে থাকা কয়েকজন রাজনৈতিক ব্যক্তির প্রতি আচরণ নিয়েও উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে নির্যাতন, অপুষ্টি ও পর্যাপ্ত চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ সম্পর্কেও তিনি উল্লেখ করেন, তবে এসব অভিযোগের স্বাধীন যাচাইয়ের বিষয়টি তিনি নিশ্চিত করেননি।

তিনি অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানান, উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তারা কী ধরনের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে এবং ভবিষ্যতে কী উদ্যোগ নেওয়া যেতে পারে, সে বিষয়ে সংসদকে অবহিত করার জন্য। বক্তব্যের শেষাংশে জেমি চ্যাফি বলেন, তিনি ডাব্বো এলাকার বাংলাদেশি-অস্ট্রেলিয়ান সম্প্রদায়ের উদ্বেগের বিষয়টি অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তুলে ধরেছেন।